বিএনপি ও জামায়াতের ছয় নেতা-কর্মী কারাগারে
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান এবং জামায়াতের নেতা আবদুল মোমেন ফকিরের জামিন আবেদন নামঞ্জুর করে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
তাঁরা জেলা আওয়ামী লীগ ও ১৪ দলের ডাকা শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামি।
এদিকে বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় জামিন নিতে গেলে শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমানসহ দলের চার নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান এবং জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক আবদুল মোমেন ফকির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁরা এ সময় আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম মিঞা শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁদের পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।
আসামিদের নিয়োজিত আইনজীবী হেনা কবির বলেন, মোজাহার আলী প্রধান ওই মামলায় হুকুমের আসামি থাকায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, জামায়াতের নেতা আবদুল মোমেন ফকির হাইকোর্ট থেকে গত ২২ জুন পাঁচ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনিও একই আদালতে গতকাল আবার জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিনও নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ বছরের ২২ ফেব্রুয়ারি বিকেলে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জেলা আওয়ামী লীগ ও ১৪ দলের ডাকা শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাসহ ১৫-১৬ জন আহত হন। এ ঘটনায় জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী বাদী হয়ে মোজাহার আলী প্রধানকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের স্থানীয় ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গতকাল সোমবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এ যানবাহন ভাঙচুর মামলায় দবিবুর রহমানসহ দলের চার নেতা-কর্মী জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর তিন নেতা-কর্মী হলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক এবং উপজেলার গাড়িদহ ইউনিয়ন জামায়াতের কর্মী খোরশেদ আলম ও রেজাউল করিম।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর আন্দোলনের নামে স্থানীয় জামায়াতের নাশকতার কর্মকাণ্ডে যানবাহন ভাঙচুরের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় তাঁরা জামিনের আবেদন করেছিলেন।